মাদক কারবারিকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি থানার ৩ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন উপপরিদর্শক আমিনুর রহমান, সহকারী উপপরিদর্শক রবিউল আওয়াল ও থানার বেতারসংশ্লিষ্ট পুলিশ কনস্টেবল মুক্তার হোসেন। গতকাল শনিবার সকালে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদক কারবারি আমজাদ হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের কোরবান আলীর ছেলে। গত বৃহস্পতিবার দুপুরের দিকে আমজাদকে মাদকসহ আটক করে পাঁচবিবি থানার ওই তিন পুলিশ। এরপর হিলি তিন মাথা এলাকায় গিয়ে আমজাদকে ছেড়ে দিতে আড়াই লাখ টাকা দফারফা হয়। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হাঁসের পাড়া গ্রামের মাফিদুল ইসলাম ও শাকিল হোসেনের মাধ্যস্থতায় ২ লাখ টাকার নিয়ে পাঁচবিবির সোনাপুর এলাকায় সন্ধ্যার পর আমজাদকে ছেড়ে দেওয়া হয়। তবে দাবিকৃত আড়াই লাখ টাকার মধ্যে অবশিষ্ট পঞ্চাশ হাজার টাকার জন্য মধ্যস্থতাকারী মাফিদুল ইসলাম ও শাকিল হোসেন আমজাদকে বারবার চাপ দিতে থাকে। বাধ্য হয়ে আমজাদ হোসেন বিষয়টি স্থানীয়দের জানালে তা জয়পুরহাট পুলিশ সুপার অবগত হন। পরে পুলিশ সুপারের নির্দেশে প্রাথমিক তদন্তে অভিযুক্ত ৩ পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
