নোয়াখালীতে সাবেক আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৫ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাবেক এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমজাদে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন ব্যক্তি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সোহরাব হোসেন (৪০) চর আমজাদ গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চর বালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গতকাল রাত ১২টার দিকে সোহরাব হোসেন তার বগা মেশিনের (মাটি কাটার যন্ত্র) টাকার হিসাব নিতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে চর আমজাদের বাহারের বাড়িতে যান। সোহরাব ঘরে বসে বাহারের সঙ্গে টাকার হিসাব-নিকাশ করার সময় ১০-১৫ জনের মুখোশধারী দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়।

এসআই জাকির হোসেন জানান, দুর্বৃত্তরা সোহরাবকে গলা কেটে হত্যা করে। বাহার, হোসেনসহ তিনজনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

এসআই জানান, নিহত সোহরাবের লাশ ঘটনাস্থলে রয়েছে। হামলায় আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত