কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার ভবনে দীর্ঘদিন ধরে ছেঁড়া-ময়লা, বিবর্ণ জাতীয় পতাকা উড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে বিষয়টি প্রত্যক্ষ করতে রবিবার সকালে কার্যালয় খোলার আগে পৌরসভায় উপস্থিত হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা যায়, পৌর ভবনের ছাদে লোহার পাইপে ছেঁড়া, বিবর্ণ ও ময়লাযুক্ত জাতীয় পতাকাটি উড়ছে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত উলিপুর পৌরসভার বর্তমান মেয়র বিএনপি নেতা তারিক আবুল আলা। সেখানে প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। তারপরও দীর্ঘদিন ধরে পৌর ভবনে ছেঁড়া ও ময়লা বিবর্ণ পতাকা ব্যবহার হচ্ছে। শুধু তাই নয়, পতাকাটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ সূর্য ডোবার আগে নামানো ও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উত্তোলন করার নিয়ম থাকলেও এখানে তা মানা হয় না।
সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি এ প্রতিবেদককে জানান, সরকারি ভবনে এ রকম ময়লা ও ছেঁড়া পতাকা টানানো মোটেও উচিত হয়নি । যা লজ্জাজনক।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডর আমি নুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান মেয়রের বাবা রাজাকার সংগঠক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় উলিপুর থানার শান্তি কমিটির সেক্রেটারি ছিলেন। তার পুত্ররা প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে না পারলেও, নানা কৌশলে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় পতাকার অবমাননা করবে এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, জাতীয় পতাকা রক্ষায় যুদ্ধ করেছি। এটা নিঃসন্দেহে জাতীয় পতাকা অবমাননা। আমি এর তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে পৌর মেয়র তারিক আবদুল আলা মোবাইল ফোনে জানান, এসব দায়িত্ব পিয়নের। সে পতাকা ওঠা-নামা করেন। কিন্তু ছেঁড়া এবং ময়লাযুক্ত পতাকার বিষয়টি আমাকে জানায়নি।
এদিকে, পতাকার ঘটনা নিয়ে পৌর এলাকায় তোলপাড় শুরু হলে এদিনই দ্রুত পতাকা পরিবর্তন করে নতুন পতাকা উত্তোলন করা হয়।
