রোহিঙ্গাদের জন্ম সনদ দেওয়ায় তাহিরপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৭ পিএম

রোহিঙ্গাদের জন্ম সনদ দেওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রবিবার জেলা প্রশাসক কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ৪ ফেব্রম্নয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন জন্ম-মৃত্যু নিবন্ধন বিধিমালা বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রতিপালন না করে ২০১৭ সালে রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান করে সরকারের আদেশ আমান্য করার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান করে সরকারের আদেশ অমান্য করায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমুচীন নয় মর্মে সরকার মনে করে। তাই তাকে স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগে উপপরিচালক এমরান হোসেন জানান, রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ায় বাদাঘাট চেয়ারম্যানকে বহিষ্কার আদেশের একটি চিঠি পেয়েছি। তাহিরপুর উপজেলা প্রশাসনে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী জানান, এখনো চিঠি পাননি। পেলে ব্যবস্থা নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত