জনশুমারি নিয়োগে উত্তীর্ণদের তালিকা প্রকাশে অনিয়মের অভিযোগ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪২ পিএম

কলমাকান্দায় জনশুমারিতে সুপারভাইজার ও তালিকাকারী নিয়োগের লিখিত পরীক্ষায় বহিষ্কৃত দুজনের নাম উত্তীর্ণদের তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন।

লিখিত অভিযোগে খারনৈ ইউনিয়নের মো. কাউছার, মো. আজিজুল্লাহ, মাহফুজুর রহমান ও আল মবিন উল্লেখ করেন, সরকারের জনশুমারিতে সুপাইভাইজার ও তালিকাকারী নিয়োগের লিখিত পরীক্ষা হয় গত বৃহস্পতিবার। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আবুল হাসানের ছেলে আবিদ হাসান (রোল ৬০) ও গোবিন্দপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. মাসুদ পারভেজ  (রোল ৬১) বহিস্কার করা হয়। কিন্তু ৯ ফেব্রুয়ারি উত্তীর্ণ তালিকায় বহিষ্কৃত ওই দুজনের নামও রয়েছে। এছাড়া সুপারভাইজার পদে এনজিওকর্মী, কোচিং শিক্ষক ও তথ্য সেবা কাজে নিয়োজিত কয়েকজন রয়েছেন।

ইউএনও সোহেল রানা জানান, কাউকেই বহিস্কার করা হয়নি। তবে খাতা নেওয়া হয়েছিল। আরও যাচাই বাছাই করে মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত তালিকা হবে। উপজেলা পরিসংখ্যান তদন্তকারী পুলক কুমার বিশ্বাস বলেন, ‘১৩০০ জনের মধ্যে যাচাই-বাছাই করে ১০৪৯ জনকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়। তবে সার্কুলারে পরিষ্কার উল্লেখ রয়েছে- চাকরিজীবী অংশগ্রহণ করতে পারবেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত