গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্তানদের সামনে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আফরোজা খানম (২৩) নামে এক নারী নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার শেখ লুৎফর রহমান সেতুতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারি চালিত ইজিবাইকে করে বোরকা পরা এক নারী ও তার দুই সন্তান সেতুর মাঝখানে এসে নামেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্তানদের কাছে তার মোবাইল ও ব্যাগ রেখে নদীতে লাফ দেন তিনি। এ সময় তার সন্তানদের চিৎকারে লোকজন ছুটে আসেন। সেখানে একজন টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর খোঁজ চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরকার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পরেও ওই নারীর সন্ধান পায়নি।
আফরোজার ভাই মোহাম্মদ উল্লাহ জানান, পারিবারিক কলহের জেরে তার বোন পানিতে ঝাঁপ দিয়েছে। আফরোজার স্বামী বিদেশ থেকে ঠিকমতো টাকা না পাঠানোর কারণে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। অসচ্ছলতার কারণে তার বোন এই পথ বেছে নিয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি এ.এফ.এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে আফরোজা ব্রিজ থেকে লাফিয়ে পড়েছে। সন্ধ্যা ৭ টা পর্যন্ত নিখোঁজ ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি।
