গল্প আছে জীবনের মলাটে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৩ এএম

‘গল্প ছাড়া মলাট’ মিজান মালিকের প্রথম কাব্যগ্রন্থ। এটি প্রকাশ করেছে ঐতিহ্য। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। পেশায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত মিজান মালিক কবিতা লেখেন দায়বোধের জায়গা থেকে। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের অনুভূতি জানিয়ে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আমাদের জীবনে মলাট আছে। অনেক সময় পূর্ণ গল্পটা খুঁজে পাই না। আমি কবিতায় সময়ের কথা বলতে চেয়েছি। আমার বিশ্বাস, পাঠক কবিতাগুলো পাঠের মধ্য দিয়ে সময়ের একটা চিত্র খুঁজে পাবেন, প্রতিটি কবিতায় একটা গল্প খুঁজে পাবেন। তাদের মনন, তাদের ভাবনার সঙ্গে মিলেও যেতে পারে।’

বখতিয়ার হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘একদিন একটি কবিতার বই হবে’। এটি প্রকাশ করেছে পেন্ডুলাম প্রকাশনী। প্রথম বই প্রকাশের অনুভূতি জানিয়ে লেখক বখতিয়ার হোসেন বলেন, ‘আমার চারপাশের ছোট ছোট বা বড় যে বিষয়গুলো আমাকে যখনই ভাবায়, তখনই লিখতে বসি। কবিতাগুলোতে আমার একান্ত নিজের কিছু ভাবনা, মনের কিছু কথা উঠে এসেছে।’

প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন বঙ্গ রাখাল। বইয়ের নাম ‘যৈবতী কন্যা ইশকুলে’। প্রকাশ করেছে টাঙ্গন। প্রচ্ছদ এঁকেছেন শিশির মল্লিক। লোকাচার, লোকসংস্কৃতি কবিকে নস্টালজিক করে তোলে বলে জানান বঙ্গ রাখাল। এ কবি সব সময় এক্সপেরিমেন্টাল কবিতা লিখতে পছন্দ করেন। প্রথম বই প্রকাশের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘নতুন বই প্রকাশের আনন্দ যেন আমার অন্তরে এনে দেয় এক স্বর্গীয় সুখ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত