কক্সবাজারের পেকুয়ায় স্থানীয়দের গণপিটুনিতে জামাল হোসেন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুজনকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া সাপেরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন ওই ইউনিয়নের সাপেরগাড়া এলাকার মৃত আলমগীরের ছেলে।
আহতরা হলেন- একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে কাউসার (২৫) ও বারবাকিয়া ইউনিয়নের পাহাড়ীয়াখালী এলাকার নুরুল ইসলামের ছেলে নাছির হোসাইন।
আহতরা পেকুয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে কাউসারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পেকুয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ডাকাতদলের গুলিতে সাপের গারা এলাকায় মালয়েশিয়া প্রবাসী নুরুন্নবী নিহত হন। একই ঘটনায় নুরুন্নবীর মা হাজেরা বেগম ও ছোট ভাই মোজাম্মেল গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতদলের এলোপাতাড়ি গুলিতে তারা হতাহত হয়েছেন।
পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, পাবলিকের পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। দুইজন হাসপাতালে রয়েছে।
