হতাশায় মির্জা ফখরুল আবল-তাবল বক্তব্য দেন: কাদের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৮ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাশায় আবল-তাবল বক্তব্য দেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির আন্দোলনকে কটাক্ষ করে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন কোন বছর হবে? বিএনপির আন্দোলনে মরা গাঙ্গে জোয়ার আসে না। মধুমতীতে জোয়ার আসবে ঠিকই। কিন্তু বিএনপির আন্দোলনের জোয়ার আসবে না। মির্জা ফখরুল আন্দোলনে করে, নির্বাচনেও হারে। বেচারা কী আর করবে। হতাশায় আবল-তাবল বক্তব্য দেন’।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধী বিএনপি নেতারা নির্বাচনে ব্যর্থ হয়ে, আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বিদেশীদের কাছে নালিশ করে। এর মধ্য দিয়ে তারা দেশকে ছোট করে।

তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অন্ধকারের পরাশক্তি পরাজিত হয়েছে। আমরা আর তাদের ক্ষমতায় আসতে দেবো না। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মূলধারা বাংলাদেশ চালাবো। আর কোনো অপশক্তি মসনদে বসতে পারবে না।

তিনি বলেন, কয়েক মাস পরপরই তারা বলে আন্দোলন করবেন। পরীক্ষার পর আন্দোলন, কোরবানির পর আন্দোলন, রমজানের পর আন্দোলন। দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে এক বছর কেটে গেল, আন্দোলন আর হয় না।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতা হবে তারা যারা আওয়ামী লীগের দুঃসময়ে ছিল। ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করলে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়বে।

সেতুমন্ত্রী বলেন, প্রবীণ ও নবীনের সমন্বয়ে আওয়ামী লীগ চলবে। আওয়ামী লীগে কোনো সুবিধাবাদীর স্থান নেই। কোন হাইব্রিড বসন্তের কোকিলেরা আওয়ামী লীগের নেতা হতে পারবে না। আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী ও পরীক্ষিত কর্মীরা নেতা হবেন। 

তিনি বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কোটালীপাড়া উপজেলা আাওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ হেলাল উদ্দিন, আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ সালাহউদ্দিন জুয়েল, মির্জা আজম, এস.এম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র এস এম কামাল হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমল সেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর প্রমূখ।

দেশের নানা সফলতার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মহান আল্লাহ মুজিবকে সৃষ্টি  করেছিলেন স্বাধীনতার জন্য, আর শেখ হাসিনাকে সৃষ্টি করেছেন এ জাতির অর্থনৈতিক মুক্তির জন্য’।

তিনি বলেন, সাহসিকতা ও সততার জন্য সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান করে। সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর ২৪টি স্প্যান বসে গেছে। আর বছরখানেক লাগবে। তখন ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় আসতে আড়াই ঘণ্টা সময় লাগবে।

তিনি নেতাকর্মীদেরকে বঙ্গবন্ধুর আত্মজীবনী, কারাগারের রোজনামচা পড়ার আহ্বান জানান। তিনি বলেন, বইটি কিনে বালিশের তলায় রেখে দেবেন না। পড়াশোনা করে রাজনীতি করতে হবে।

পরে দ্বিতীয় অধিবেশনে ভবেন্দ্রনাথ বিশ্বাসকে সভাপতি ও মো. আয়নাল হোসেন শেখকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত