যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের চুক্তি বাতিল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দশক স্থায়ী একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করে দিয়েছে ফিলিপাইন। গত মঙ্গলবার ভিজিটিং ফোর্স অ্যাগ্রিমেন্ট (ভিজিএফ) নামে এ চুক্তি বাতিলে সায় দেন দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে।

ম্যানিলার এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে সেদিনই জানিয়ে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, চুক্তি অনুযায়ী কোনোপক্ষ এটি বহাল রাখতে অসম্মত হলে ১৮০ দিনের মধ্যে তা বাতিল হয়ে যাবে। ফিলিপাইনের সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

বেশকিছু ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে। তার মুখপাত্র সালভাদর পানেলো বলেছেন, অন্য দেশের সঙ্গে আরও বেশি স্বাধীন সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।

সম্প্রতি দুতার্তের প্রাণঘাতী মাদকবিরোধী যুদ্ধে নেতৃত্ব দেওয়া এক পুলিশ কর্মকর্তার ভিসা আটকে দেয় যুক্তরাষ্ট্র। এরপরই প্রতিরক্ষা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপাইন প্রেসিডেন্ট। যদিও আরও আগে থেকেই দুতার্তের মাদকবিরোধী নীতির সমালোচনা করে আসছিল ওয়াশিংটন কর্র্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যখন চীনকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করার চেষ্টা করছে তখন ফিলিপাইনের এ সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত