চসিক নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন কিনেছেন ১৩ জন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৫ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র পদে লড়তে চান ১৩ জন। তারা গত সোমবার থেকে বুধবার বিকেল পর্যন্ত ঢাকায় দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে ফরমও সংগ্রহ করেছেন। এ ছাড়া ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৩২ জন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গতকাল দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। বুধবার বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ১৩ জন এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৩২ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এসব মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা চ‚ড়ান্ত করবে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড।

তার দেওয়া তথ্য মতে, আসন্ন নির্বাচনে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, মো. আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর ছেলে হেলাল উদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান, প্রয়াত সাংসদ মঈনুদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা খান, চসিকের সাবেক কাউন্সিলর রেখা আলম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, মো. এমদাদুল ইসলাম ও মো. ইনসান আলী।

প্রত্যাশীরা মেয়র পদের বিপরীতে ২৫ হাজার টাকা ও কাউন্সিলর পদের জন্য ১০ হাজার টাকা জমা দিয়ে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, ১৬ ফেব্রম্নয়ারি নির্বাচন কমিশন সভার পর চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ নির্বাচনেও ঢাকার মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।

এর আগে গত ১ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, মার্চ মাসে চট্টগ্রাম সিটির ভোট হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী নির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণের পর প্রথম সভার ৫ বছর মেয়াদ পূরণের দিন থেকে ১৮০ দিন আগে যেকোনো দিন এই নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। বিধি অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন ২০২০ সালের ৫ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে।

২০১৫ সালের ২৮ এপ্রিল একযোগে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী এম মনজুর আলমকে পরাজিত করে আ জ ম নাছির উদ্দীন নির্বাচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত