মুজিববর্ষে জাতীয় সংসদের বছরব্যাপী পরিকল্পনা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৭ এএম

মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় সংসদ। এর মধ্যে রয়েছে আগামী ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন, যেখানে একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বকে বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হবে। গতকাল বুধবার সংসদ সচিবালয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে অবহিত করা হয়। সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জাতীয় সংসদের পক্ষ থেকে বর্ষব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ১৭ মার্চ জাতীয় পর্যায়ে মুজিববর্ষ কার্যক্রম উদ্বোধন হওয়ার পর ১৯ মার্চ দক্ষিণ প্লাজায় শিশুমেলা আয়োজনের মধ্য দিয়ে মুজিববর্ষ কার্যক্রম শুরু করবে জাতীয় সংসদ। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি জাতীয় সংসদ আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে ২২-২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন আয়োজন করা হচ্ছে। একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বকে এ অধিবেশনে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। একই সঙ্গে ২২ মার্চ অধিবেশন শুরুর দুই ঘণ্টা আগে ধানম-ির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন সাংসদরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত