মুজিববর্ষ উপলক্ষে আগামী ৮-১৪ মার্চ পুলিশের সব ইউনিটে ‘পুলিশ সেবা সপ্তাহ’ পালন করা হবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে ‘পুলিশ সদর দপ্তর কোয়ার্টারলি কনফারেন্সে’ এ সিদ্ধান্ত হয়।
দুই পর্বের এই কনফারেন্সের প্রথম পর্বে পুলিশ সদর দপ্তরের এআইজি থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা মাঠপর্যায়ের কর্মকর্তাদের পুলিশিং ও প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। দ্বিতীয় পর্বে মাঠপর্যায়ের কর্মকর্তারা তাদের বিভিন্ন কার্যক্রম ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। সভায় সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটনের কমিশনার ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন।
সভায় মুজিববর্ষ উদযাপন, একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন বিশেষ করে ধর্ষণ মামলা, ওয়ারেন্ট তামিল, মামলা ও জিডি রুজু, পুলিশ ক্লিয়ারেন্স, চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশন, মাদক এবং পুলিশের প্রতি জনগণের আস্থা ইত্যাদি বিষয় আলোচনায় উঠে আসে।
আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, “মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি।
আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এ যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। নারী ও শিশু নির্যাতন বিশেষ করে ধর্ষণের মামলা অধিক গুরুত্বসহ তদন্ত করতে হবে।”
