করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৫ জনকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট। তবে, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকার আরামবাগ, মগবাজার ও রমনা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।
জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভুল স্বীকার করে। সেই সঙ্গে সব ভুয়া খবর সরিয়ে ফেলে। তারা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আর কোন ভুয়া তথ্য ছড়াবে না বলেও লিখিতভাবে পুলিশকে জানিয়েছে।
মুচলেকা নিয়ে রাতেই তাদেরকে ছেড়ে দেয় সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, ইতিমধ্যে কয়েকজন আক্রান্ত হয়ে মারা গেছে- এ ধরনের গুজব ছড়িয়েছিলেন তারা।
মো. নাজমুল ইসলাম বলেন, আমাদের মনিটরিং টিম যখন দেখেছে যে সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়ানো হচ্ছে, তখন আমরা কয়েকটির সোর্স বের করি। এরপর আমরা তাদেরকে ডেকে এনে বুঝিয়েছি কাউন্সেলিং করেছি।
