ডেমরায় হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:২২ পিএম

রাজধানীর ডেমরা থানাধীন মাতুয়াইলের ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক জামাল হোসেনের কক্ষ থেকে মোবারক হোসেন (৩৩) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ঘটনাটি রহস্যজনক।  তিনি  আত্মহত্যা করেছেন নাকি কেউ হত্যা করে লাশ হাসপাতালে পরিচালকের কক্ষে  ঝুলিয়ে রেখেছে- তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাসা ও কর্মস্থলে যাননি। এ অবস্থায় তাকে কেউ হত্যা করে লাশ ওই পরিচালকের কক্ষে ঝুলিয়ে রেখেছিল নাকি তিনি নিজেই সেখানে গিয়ে আত্মহত্যা করেছেন বিষয়টি সম্পর্কে এখনই মন্তব্য করা যাচ্ছে না।

নিহতের স্বজন মঈনুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের জানান, চিকিৎসক মোবারক হোসেন মাতুয়াইলের প্রোঅ্যাকটিভ হাসপাতালের  চিকিৎসক। তিনি অ্যানেসথেসিয়া স্পেশালিস্ট। তিনি  থাকতেন দক্ষিণ দনিয়ার এ কে উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাসায়। তার বাড়ি ভোলার লালমোহনে। তিনি ৭ মাস আগে বিয়ে করেছিলেন।

তিনি আরও বলেন, আমাদের মনে হচ্ছে তাকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এটার বিচার চাই। তবে কি কারণে তাকে হত্যা করা হতে পারে তা জানাতে পারেননি তিনি।

পুলিশের একাধিক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার সকালেও চিকিৎসক মোবারক প্রোঅ্যাকটিভ হাসপাতালে ছিলেন। দুপুরে তাকে ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে করতে রাত পার হয়ে যায়। এরপর সকালে তার এক স্বজনের কাছে ওই হাসপাতালের পরিচালকের কক্ষে তার লাশ ঝুলছে বলে খবর পাঠানো হয়।

এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত