সেঞ্চুরির আশা জাগিয়েও পারলেন না ইমরুল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৪ পিএম

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাকিস্তান সফরের টেস্ট দলে ছিলেন না ইমরুল কায়েস। খেলতে পারেননি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডেও। দ্বিতীয় রাউন্ডে দলে ফিরলেও ব্যর্থ হন এই বাঁহাতি। তবে তৃতীয় রাউন্ডে হেসেছে ৩৩ বছর বয়সীর ব্যাট।

শনিবার উত্তরাঞ্চলের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেছেন পূর্বাঞ্চলের অধিনায়ক ইমরুল কায়েস। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ২৩তম ফিফটি।

ঠিক ১০০ বলে ফিফটি পূরণ করেন ইমরুল। সেঞ্চুরির আশা জাগানিয়া ব্যাটিং করে যাচ্ছিলেন। অন্য প্রান্তে ইয়াসির আলীও দারুণ খেলছিলেন। ২৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন দুজন।

তবে ইমরুল ব্যক্তিগত ৭৬ রানে ফিরলে এই জুটির পতন ঘটে। সানজামুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ইমরুল। ১৫৩ বলে ৭ চারে সাজান নিজের ইনিংস। দ্বিতীয় রাউন্ডে প্রথম ইনিংসে ২৮ ও দ্বিতীয় ইনিংসে ১৬ রান করেছিলেন তিনি।

ইয়াসির আলী অবশ্য সেঞ্চুরির পথে এগোচ্ছেন। এই প্রতিবেদন লেখার সময় পূর্বাঞ্চলের স্কোর ৫ উইকেটে ১৭৮। ইয়াসির ৮৬ ও আফিফ হোসেন ধ্রুব ১ রান নিয়ে ব্যাট করছেন।

মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে (১৪০) ভর করে উত্তরাঞ্চল প্রথম ইনিংসে করেছিল ২৭২ রান। হ্যামস্ট্রিংয়ের চোটে মুশফিকও বিসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারেননি। ইমরুলের মতো দ্বিতীয় রাউন্ড থেকে খেলছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ সামনে রেখে বিসিএলে তারকা ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে নজর সবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত