ময়মনসিংহের ভালুকায় পূর্বশত্রুতার জের ধরে কলেজছাত্রসহ দুজনকে বেঁধে নির্যাতনের পর গরু চোর অপবাদ দিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারের অভিযোগ পাওয়া গিয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বিরুনীয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করেন। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত কলেজছাত্র মনির হোসেন (১৭) অভিযোগ করেন, এর বাগে নির্যাতনকারীরা আমার মামা আব্দুল কাদিরের ওপর হামলা চালিয়ে আহত করে। সেদিন তাকে দেখতে মামাতো ভাই আজিজুল হকের (২২) সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখান থেকে ফেরার পথে সাদির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে জসীম, ইব্রাহীম, জামাল ও সুরুজ আমাদের পথরোধ করে।
তিনি জানান, তারা আমাদের দুজনকে ধরে জসিমের বাড়ি নিয়ে আসে। সেখানে তারা আমাদেরকে বারান্দার পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। পরে নির্যাতনের ছবি তুলে জসীম নিজের ফেইসবুক আইডিতে আমাদের ‘গরু চোর’ উল্লেখ করে প্রচার চালায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার সুরুজ মিয়া জানান, খবর পেয়ে মনির ও আজিজুলকে উদ্ধার করতে গেলে অভিযুক্তরা আমার কথা শোনেনি। পরে থানায় খবর দিলে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, নির্যাতনের শিকার দুই যুবককে উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
