মাগুরায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৮ পিএম

জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার ধনপাড়া গ্রামে গতকাল শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে এলাকার অন্তত ১০টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ছয়জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় মনিরুল ইসলাম জানান, এলাকার রাজনৈতিক আধিপত্য নিয়ে স্থানীয় রাঘবদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আমিন মণ্ডল ও একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশিক বিশ্বাসের মধ্যে বিরোধ রয়েছে। গতকাল শনিবার সকালে আশিক বিশ্বাসের সমর্থক সাইদ জোয়ারদার তার ধানক্ষেতে সেচ দিতে যায়। সেচনালা পরিষ্কার করার সময় কিছু মাটি পার্শ্ববর্তী ক্ষেত-মালিক আমিন মণ্ডলের সমর্থক দুর্লভ মণ্ডলের ধানক্ষেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে দুর্লভ মণ্ডল লোকজন নিয়ে সাইদ জোয়ারদারকে মারধর করে। বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে সাইদ জোয়ারদারের পক্ষ নিয়ে আশিক বিশ্বাসের সমর্থকরা আমিন ম-লের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের সময় কমপক্ষে ১৫ জন আহত হয়। এ ছাড়া ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে মাগুরা সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে আশিক বিশ্বাস ও ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমানকে আটক করে।

আহতদের মধ্যে সাইদ জোয়ারদার (৪৫), স্বপন আলী জোয়ারদার (৪৩), মোজাহার জোয়ারদার (৫৬), ফুলমিয়া মণ্ডল (৪০), রফি উদ্দিন (৫০), সুরত আলীকে (৫১) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় সার্বক্ষণিক পুলিশ টহল রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত