আট ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:১২ পিএম

ঘন কুয়াশায় দীর্ঘ ৮ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকা দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পারের জন্য অপেক্ষা করছে কয়েক শত যানবাহন। তবে কর্তৃপক্ষ বলছে কিছু সময় পরই ঘাটে কোনো গাড়ির চাপ থাকবে না। রবিবার সকাল ১১টার দিকে কুয়াশা কমে গেলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করে।

এর আগে রবিবার রাত সোয়া ২টার দিকে ঘন কুয়াশার কারণে সব ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।

রবিবার সকাল ৮টায় ঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ছাড়িয়ে ঢাকা-খুলনা মহাসড়কে নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় তিন শতাধিক যানবাহন। এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যাই বেশি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলা ১১টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে ১৫টি ফেরি এই নৌরুটে চলাচল করছে। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পারের জন্য যে সকল যানবাহন অপেক্ষায় ছিল সেগুলো ধীরে ধীরে পার করা হবে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত