নারীকে নির্যাতন করে অপহরণকারী বলে চালানোর চেষ্টা করে নিজেই গ্রেপ্তার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীকে ডেকে নিয়ে চুল কেটে, ছ্যাঁকা দিয়ে আটকে রেখে জরুরি হেল্পলাইন ৯৯৯ এ ফোন দিয়ে শিশু অপহরণকারী বলে ধরিয়ে দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন মোস্তাক আহমেদ ফয়সাল নামে এক ব্যক্তি।

নির্যাতিত নারী এ ঘটনায় বাদী হয়ে রোববার সকালে মামলা দায়ের করেছেন। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলীতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নির্যাতনের শিকার ওই নারী জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ফয়সাল শনিবার দুপুরে পারিবারিক সমস্যা সমাধানের জন্য তাকে ফোন করে আশুগঞ্জের উজান ভাটি হোটেলের সামনে আসতে বলেন। সেখানে আসার পর ফয়সাল তাকে কাউতলীর শ্বশুরের বাসায় নিয়ে যায়।

সেখানে যাওয়ার পর ওই নারীর কাছে টাকা দাবি করে ফয়সাল। ভাইয়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা ফয়সালকে এনে দেয়া হয়। তার কাছ থেকেও নগদ চার হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে নেয়। খালি স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয়। আরও টাকার জন্য শুরু হয় নির্যাতন। তার চুল কেটে দেয়া হয়। লোহার চাসনি নিয়ে গরম ছ্যাঁকা দেয়া হয় তার শরীরের বিভিন্ন স্থানে। একপর্যায়ে ৯৯৯ নম্বরে কল করে শিশু অপহরণকারী আটক করার কথা বলা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এস.আই মো. মোতালেব জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ওই নারীর ওপর নির্যাতনের বিষয়টি দেখতে পেয়ে ফয়সালকে আটক করা হয়। অভিযুক্ত ফয়সাল একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৬ মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ফয়সালকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত