সীতাকুণ্ডের ছলিমপুর রেললাইনের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে ৬ জানুয়ারি উদ্ধার তরুণীর হত্যা রহস্য উদ্ঘাটন করে পুলিশ।
শনিবার গভীর রাতে উপজেলার ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটার একটি ভাড়া বাসা থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে সীতাকুণ্ড থানা পুলিশ।
আটকরা হলো, ভোলা জেলার সদর থানার ধনিয়া ইউনিয়ন পরিষদের কানাইনগর গ্রামের বাগান আলী প্রকাশ মামুন (৩৪), লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডার থানার মধ্যের চর গ্রামের মোহাম্মদ জামাল (২১) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া থানার সাহেবাবাদ গ্রামের মোহাম্মদ রাসেল (৩৫)।
রবিবার চট্টগ্রামের সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই নারীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে আসামিরা।
আদালতে দেওয়া স্বীকারোক্তির সূত্র ধরে সীতাকুণ্ড থানার ওসি সুমন বণিক জানান, পোশাককর্মী রিমা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মামুন। ঘটনার দিন বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে মামুন রিমাকে সলিমপুরের এই পরিত্যক্ত ভবনে নিয়ে আসে। যেখানে আগে থেকে তার বন্ধু জামাল ও রাসেল উপস্থিত ছিল। সেখানে তিনজন নেশা করে রিমাকে রাতভর ধর্ষণ করে । ভোর হওয়ার আগে তাকে গলা টিপে হত্যা করে লাশ সেখানে রেখে সটকে পড়ে তারা।
ওই পরিত্যক্ত ভবনে রিমা লাশটি দেখতে পেয়ে সীতাকুণ্ড থানায় খবর দেযন স্থানীয় মেম্বার মোহাম্মদ ইউসুফ। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। পরদিন মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহতের হাতের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহতের নাম রিমা বেগম (২৫)। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার ওয়াই টিলা গ্রামের মোহাম্মদ আমির হামজার মেয়ে।
