ঠাকুরগাঁওয়ে হাস্কিং মিলের বয়লার বিস্ফোরণে সালমান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৯ শ্রমিক। গতকাল রবিবার সকালে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত সালমান চৌরঙ্গী গ্রামের আব্বাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত শ্রমিকদের বরাত দিয়ে রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, চৌরঙ্গী এলাকার রুহুল আমিনের হাস্কিং মিলে ৯ জন শ্রমিক ধান সিদ্ধ করছিল। ওই সময় সালমান মিলের চুলায় তুষ ছিটিয়ে আগুন ধরাচ্ছিল। আকস্মিকভাবে ওই মিলের বয়লার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই সালমান মারা যায়। আহত হয় এক শিশুসহ ৯ শ্রমিক। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো আহতদের দেখতে হাসপাতালে যান।
