স্ত্রী হত্যার ৩২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১১ পিএম

নারায়ণগঞ্জে আড়াইহাজারে স্ত্রী হত্যার ৩২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে আবদুল মতিন (৫৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানা-পুলিশ।

সে স্থানীয় কালা পাহাড়িয়া ইউপির ঝাউকান্দী এলাকার মৃত জিন্নত আলীর ছেলে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ১৯৮৮ সালে পারিবারিক কলহের জেরে স্ত্রী জান্নাত বেগম (১৮) কে গলাটিপে হত্যা করা হয়। পরে নিহতের মুখে বিষাক্ত পদার্থ ঢেলে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারের চেষ্টা করা হয়।

জান্নাত একই ইউনিয়নের হাজীরটেক এলাকার ফয়জ উদ্দিনের মেয়ে। পরে এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করা হয়। ১৯৯১ সালে নারায়ণগঞ্জ আদালত আসামির বিরুদ্ধে যাবজ্জীবন দণ্ডাদেশ দেওয়া হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।

নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালা পাহাড়িয়ার বদলপুর এলাকা থেকে স্থানীয় তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত