আশুলিয়ায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সৎ মেয়ে আটক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৪ পিএম

ঢাকা জেলার আশুলিয়ায় শেলি সুলতানা (৪৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে তার সৎ মেয়ে সানজিদা (১৯) কে আটক করেছে থানা-পুলিশ। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি ছুরি পাওয়া গেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রবিবার রাত পৌনে ১২ টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্বামী টিপু সুলতান বাদী হয়ে মেয়ে সানজিদাসহ অজ্ঞাত এক সহযোগীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে আটক সানজিদাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ড আদালতে পাঠানো হয়েছে।

নিহত শেলি সুলতানা আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকার টিপু সুলতানের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। নিহতের স্বামী টিপু সুলতানের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার শিমুলতলা গ্রামে। আটক সানজিদা টিপু সুলতানের ২য় স্ত্রীর সন্তান বলে জানিয়েছে পুলিশ।

থানা-পুলিশ ও এলাকাবাসীরা জানায়, আশুলিয়ার দক্ষিণ বাইপাইলের চারালপাড়া এলাকায় টিপু সুলতানের বাড়িতে তার স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা আশুলিয়া থানায় ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত গৃহবধূর গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূঁইয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তর জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৎ মেয়েকে আটক করা হলেও হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তর রিপোর্ট হাতে পাওয়া গেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত