বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার সমুদ্রসৈকতে ভাসমান অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা। এ নিয়ে মৃতদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়াল ২১। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে অন্তত ৪৪ জন।
টেকনাফ কোস্টগার্ডের লে. কমান্ডার রাহাত ইমতিয়াজ দেশ রূপান্তরকে জানান, সোমবার সকালে সৈকতে দুটি মৃতদেহ ভাসতে দেখে কোস্টগার্ডকে খবর দেয় স্থানীয়রা।
পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। মৃতদেহ দুটি পুরুষের এবং দীর্ঘ সময় পানিতে থাকায় সেগুলো পচে গেছে।
গত মঙ্গলবার সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের দক্ষিণে ১৩৮ রোহিঙ্গাবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের সহায়তায় ওই দিনই ১৫ রোহিঙ্গার মৃতদেহ ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
