নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ মায়ের পর ছেলের মৃত্যু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৪ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে।

কীরণ মিয়া নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এর আগে সোমবার বেলা ১১টায় কীরণের মা নুরজাহান বেগমের (৬০) মৃত্যু হয়।

কীরণের শরীরের ৭০ শতাংশ আগুনে দগ্ধ হয়েছিল বলে জানান ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল।

তিনি জানান, কীরণে ছেলে আবুল হোসেন ইমনকে (২২) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

কীরণের ছোট ভাই হীরণ মিয়া (২৮), কীরণের আরেক ছেলে আপন মিয়া (১০), হীরণের স্ত্রী মুক্তা (২১), তাদের মেয়ে ইলমা (৩) ও কীরণের ভাগ্নে কাউছার (১৬) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

সোমবার ভোরে রায়ণগঞ্জ সাইনবোর্ড সাহেব পাড়া এলাকার একটি ৫ তলা ভবনের নিচতলার বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮জন দগ্ধ হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, ওই বাড়ির নিচ তলায় পরিবারটি ভাড়া থাকে। বাসার লাইনের গ্যাসে বেশি চাপ না থাকায় বাসায় সিলিন্ডার গ্যাসও ব্যবহার করতেন তারা।

রাতে রান্নার পরে গ্যাসের চুলার সুইচ বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন তারা। ভোরবেলা উঠে ম্যাচ জ্বালাতেই জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত