সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খানের নামে মামলা করায় নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা)-এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে রংপুরের পরিবহন শ্রমিকেরা। মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করেন তারা।
মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, নতুন ‘সড়ক পরিবহন আইন’ শ্রমিক বান্ধব নয়। এই আইন সংশোধন করে পরিবহন খাতকে বাঁচাতে হবে। পরিবহন খাত না বাঁচলে দেশের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যাবে। অবিলম্বে শাজাহান খানের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ শেষে রংপুর প্রেসক্লাব চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন- রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক প্রমুখ। সভাপতিত্ব করেন মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল।
এর আগে নগরীর কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
