বহুগামিতার শাস্তি শিথিল করতে মার্কিন রাজ্যে তোড়জোড়

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৪ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের রাজ্য উটাহ’র সিনেটে বহুগামিতার শাস্তি কমাতে একটি বিল পাস হয়েছে। ওই বিলটি আইনে পরিণত হলে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ নিজেদের ইচ্ছায় একাধিক সম্পর্ক গড়লে নামমাত্র শাস্তি পাবেন।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই বিলটি সেখানকার রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে সবাইকে অবাক করে ২৯-০ ভোটে পাস হয়ে যায়। তবে হাউজ অব রিপ্রেজেনটেটিভে বাধার মুখে পড়তে পারে।

শাস্তি কমানোর কারণ হিসেবে ধর্মীয় আবেগের কথা বিবেচনা করছেন সেখান রাজনীতিবিদেরা। মরমন সম্প্রদায় অধ্যুষিত এই রাজ্যে প্রাচীনকালে বহুবিবাহ বৈধ ছিল।

এখনকার আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক বিয়ে করলে ‘থার্ড-ডিগ্রি অপরাধী’ হিসেবে বিবেচিত হন। আদালত তাকে সর্বোচ্চ ৫ বছরের জেল-জরিমানা করতে পারেন।

নতুন বিলটি পাস হয়ে গেলে কিছু নাগরিক সেবায় বাধ্য করার পাশাপাশি সাড়ে ছয় হাজার টাকার মতো জরিমানা করা হবে।

বিলটি যারা সমর্থন করেছেন তাদের মধ্যে একজন ডিয়ারড্রে হেন্ডারসন। তিনি স্টেট সিনেটর। তার যুক্তি, ‘এই বিলে বহুগামিতাকে বৈধতা দেওয়ার কথা বলা হয়নি। শাস্তি কমানো হয়েছে, যাতে ভুক্তভোগীরা কোনো ধরনের ভয় ছাড়া সামনে আসতে পারে।’

বিরোধীরা বলছেন, বর্তমান আইন কোনোভাবেই পরিবর্তন করা ঠিক হবে না। সেটি হলে নারী এবং শিশুদের জীবনে মারাত্মক প্রভাব পড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত