শিশুকে হাসিয়ে বোমার ভয় ভুলিয়ে দিচ্ছেন সিরীয় বাবা (ভিডিও)

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৯ পিএম

বোমার আঘাতে জর্জরিত যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। শহরের পর শহর রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। যুদ্ধবিমানের আওয়াজ কিংবা বোমার শব্দে দিন শুরু হয় সিরীয়বাসীর।

যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিশুরা। বোমার আঘাতে ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসা শিশুর লাশ পরিচিত দৃশ্য দেশটিতে। পঙ্গুত্ব বরণ করার সংখ্যাও বিপুল।

দ্য গার্ডিয়ান জানায়, এমন পরিস্থিতিতে চার বছরের মেয়েকে বোমার ভয় ভুলিয়ে দিতে দারুণ এক খেলায় মেতে উঠেছেন এক সিরীয় বাবা। বোমা বা শেল ফোটার শব্দ হলেই মেয়েকে শিখিয়ে দিচ্ছেন কীভাবে হাসতে হবে।

সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। যুদ্ধের ভয়াবহতায় আঁতকে উঠেছেন নেটিজেনেরা সেই সঙ্গে আবেগতাড়িত হয়ে প্রশংসা করছেন ওই সিরীয় বাবার। 

জানা যায়, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমের ইদলিব প্রদেশে চার বছরের মেয়ে সালওয়াকে নিয়ে থাকেন আবদুল্লাহ মোহাম্মদ। যুদ্ধের আঘাতে অঞ্চলটির লাখ লাখ মানুষ ঘরছাড়া। রুশ বাহিনীর সহায়তায় প্রতিনিয়ত বোমা হামলা চালিয়ে যাচ্ছে আসাদ বাহিনী।

ভিডিওতে দেখা যাচ্ছে, পাশে বসে বাবা মেয়েকে যুদ্ধবিমান বা শেলের শব্দ শুনতে পাচ্ছে কি না জিজ্ঞাসা করলেন। তা শুনে ছোট্ট সালওয়া বলল, ‘শেল’। তখন বাবা মেয়েকে শেখালেন, ‘এটি ফাটলেই আমরা হাসতে থাকব।’ এই কথা শেষ হতে না হতেই শোনা গেল বিস্ফোরণের শব্দ। তা শুনেই হাসিতে ফেটে পড়ল ফুটফুটে সেলভা। তা দেখে হাসলেন বাবাও।

ঘটনাটি আবারও আলোচনায় নিয়ে এলও- লাগাতার যুদ্ধ পরিস্থিতি কীভাবে শিশুমনে প্রভাব ফেলছে। গত নয় বছর ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। সেই সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি শক্তিও।

জাতিসংঘের হিসাব মতে, গত বছর ডিসেম্বর থেকে সিরিয়ার ইদলিব প্রদেশ থেকে চলে যেতে হয়েছে নয় লাখ মানুষকে। অনেকে আশ্রয় নিয়েছে খোলা মাঠে। প্রচণ্ড শীতে মারা পড়ছে শিশুরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত