ভারতের কাছ থেকে যুক্তরাষ্ট্র খুব ভালো কিছু পায়নি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সফরে যাওয়ার কয়েকদিন আগে গত মঙ্গলবার বিকেলে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
এমন মন্তব্যের মধ্য দিয়ে এখনই ট্রাম্প ভারতের সঙ্গে বড় ধরনের কোনো চুক্তিতে না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
আগামী ২৪ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ভারতে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। তার আগ মুহূর্তে ট্রাম্পের এমন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার প্রশাসন ভারতের সঙ্গে বড় ধরনের চুক্তিতে আগ্রহী। তবে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটি সম্ভব হবে কি না তা নিশ্চিত নয়।
ট্রাম্পের ইঙ্গিত অনেকটাই স্পষ্ট। তার আসন্ন ভারত সফরে হয়তো শেষ পর্যন্ত ওয়াশিংটন-দিল্লি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে না। তবে ট্রাম্প বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটি বাণিজ্য চুক্তি হতেই পারে। তবে আমি চাইছি এ গুরুত্বপূর্ণ চুক্তিটি এই মুহূর্তে নয়, বরং পরবর্তী সময়ের জন্য তুলে রাখতে।’
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনার মূল মধ্যস্থতাকারী ব্যক্তি হচ্ছেন ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার। ইতিমধ্যে গুঞ্জন উঠেছে, দিল্লিতে ট্রাম্পের সফরসঙ্গী হচ্ছেন না তিনি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত বিষয়টি পরিষ্কার করা হয়নি।
