তারকা দম্পতি বিজরী-ইন্তেখাবের গৃহকর্মীর রক্তাক্ত লাশ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৫ পিএম

তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের গৃহকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তানজিন (১৫)। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পেছনের একটি ভবনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, তানজিন ৯ তলা ভবনটির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

জানা গেছে, তানজিন সুনামগঞ্জের শালনা থানার আবদুল হাকিমের মেয়ে। ওই ভবনের ৮ তলায় এবি নম্বর ফ্ল্যাটে অভিনয় শিল্পি তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

উত্তরা পশ্চিম থানার এসআই সুকান্ত বলেন, বেলা পৌনে ১২টার দিকে স্থানীয়রা রক্তাক্ত লাশটি দেখতে পায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। কিশোরী তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনারের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সচারাচর তাকে ছাদে যেতে দেওয়া হতো না। এমনকী ওই ভবনের কেউই তেমন ছাদে যায় না। কিন্তু ওই কিশোরী ছাদে গিয়ে লাফ দেয়।

আশপাশের ভবনের বাসিন্দারা জানিয়েছেন, ওই কিশোরীকে লাফ দিতে দেখে ওই ভবনের পাশের ছাদে থাকা দুজন নিষেধও করেন। কিন্তু ওই কিশোরী কারো কথাই শোনেননি।

এক প্রশ্নের উত্তরে এসআই বলেন, কী কারণে তানজিন আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই বাসার সবাই তানজিনকে আদর করতেন। নিয়মিত নতুন জামা-কাপড়ও কিনে দিত।

বিজরী বরকতুল্লাহ একজন খ্যাতিম্যান অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল। প্রথম স্বামী শওকত আলী ইমনের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ২০১৩ সালে অভিনেতা ইন্তেখাব দিনারকে বিয়ে করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত