রাজারাও স্পিনারদের বিপক্ষে রান করা শিখেছেন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৬ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে রয়েছেন পাঁচ পেসার। তবে আফ্রিকার দেশটির বিপক্ষে শনিবার শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে বাংলাদেশ যে স্পিন দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চাচ্ছে, এটা এক রকম ওপেন সিক্রেট। জিম্বাবুয়েও অতিতে বাংলাদেশের স্পিনে ভুগেছে।

তবে দলটির অন্যতম সেরা তারকা সিকান্দার রাজা বলছেন, জিম্বাবুয়েও এখন স্পিনারদের বিপক্ষে রান করতে শিখেছে।

বৃহস্পতিবার অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৩৩ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার। এ সময় তিনি বলেন, ‘আমাদের বিপক্ষে বাংলাদেশের স্পিনারদের রেকর্ড খুব ভালো। ওদের স্পিনাররা আমাদের অনেক উইকেট নিয়েছে। তবে বাংলাদেশ নিয়মিত আসার কারণে আমরা বাংলাদেশি ক্রিকেটারদের থেকেও শিখছি।’

রাজা তাই আত্মবিশ্বাস নিয়ে বলেন, ‘যতই বলেন স্পিনাররা আমাদের বিপক্ষে অনেক উইকেট নিচ্ছে, আমরাও সময়ের সঙ্গে স্পিনের বিপক্ষে রান করা শুরু করেছি।’

সিকান্দার রাজা এ ক্ষেত্রে ২০১৮ সালে সিলেট টেস্টের উদাহরণ দিয়েছেন, ‘গতবার যে ম্যাচটা জিতেছি, সেটাই আদর্শ উদাহরণ।’

সেবার সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ১৫১ রানে হেরে যায় বাংলাদেশ। পরে ঢাকায় দ্বিতীয় টেস্ট ২১৮ রানে জিতে সিরিজ ড্র করেছিল টাইগাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত