চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে মায়া রাণী বড়ুয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীর পুর গ্রামের বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মায়া রাণী বড়ুয়া একই এলাকার বিকাশ বড়ুয়ার স্ত্রী।
স্থানীয় সালাহ উদ্দিন জানান, দেয়াঙ পাহাড়ে হাতি বিচরণ করছে তা জেনে সন্ধ্যার আগেই সংসারের কাজকর্ম সেরে ঘরে ঢুকে পড়েন এলাকার বাসিন্দারা। রাত সাড়ে দশটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন বৃদ্ধা মায়া রাণী।
এ সময় হঠাৎ বন্য হাতি তার সামনে পড়ে। ভয়ে ছুটতে থাকলেও উন্মত্ত হাতির পায়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী বলেন, হাতির আক্রমণে বৃদ্ধা নিহত হওয়ার ঘটনাটি উপজেলা প্রশাসনসহ বন বিভাগকে জানানো হয়েছে। তারা নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
