কানাডায় মাতৃভাষা দিবস

শহীদ মিনারে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০০ এএম

তীব্র শীত উপেক্ষা করে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এসে বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিপুলসংখ্যক বাংলাদেশি। গতকাল শুক্রবার ২১ ফেব্রুয়ারি টরন্টোর ডেনফোর্থে তাপমাত্রা ছিল হিমাঙ্কের ১৬ ডিগ্রির নিচে, বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাচ্ছিল না। তবু বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়েছিল শহরটি সংলগ্ন অস্থায়ী শহীদ মিনারে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের আগে তাদের অনেকে প্ল্যাকার্ড ও পোস্টার হাতে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচারকারী লুটেরাদের বিরুদ্ধে ঘৃণা ও প্রতিবাদ জানান। এ সময় তারা অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নানা স্লোগানও দেন।

এদিকে অন্টারিও আওয়ামী লীগ একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আগে লুটেরাবিরোধী মানববন্ধন করে। তারপর তারা চলে যান অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। অন্টারিও আওয়ামী লীগ সাংগঠনিকভাবেই যুক্ত আছে লুটেরাবিরোধী আন্দোলনে।

দৈনিক দেশ রূপান্তরে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ার পর তাদের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত