শাকিব খানের সঙ্গে সিনেমাটি এখনো চূড়ান্ত নয়: সালওয়া

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৯ পিএম

নিশাত নাওয়ার সালওয়া। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় ২০১৮ সালের প্রথম রানারআপ। এরপর বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে নজর কাড়েন সবার। নীল চোখের এই সুন্দরী বর্তমানে কাজ করছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্ন দেখা রাজকন্যা’ সিনেমায়। এটাই তার প্রথম চলচ্চিত্র। ছবিতে তার নায়ক এ কে আজাদ।

এদিকে নতুন আরেকটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন সালওয়া। খবরটা সালওয়ার জন্য চমকই বটে। কারণ সালওয়া এবার কাজ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত নতুন একটি সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি গড়বেন চলচ্চিত্রের এই নবাগত নায়িকা।

বিষয়টি নিয়ে দেশ রূপান্তরকে সালওয়া বলেন, ‘পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে প্রাথমিক আলাপ-আলোচনা হয়েছে। কিন্তু শাকিব খানের সঙ্গে সিনেমা করার বিষয়টি এখনো চূড়ান্ত নয়। আমি অপেক্ষা করছি কাজটি করার জন্য। সবকিছু চূড়ান্ত হলে বিস্তারিত বলতে পারব।’

২০১৮ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল সুমনের ‘ক্যাপ্টেন খান’। সেই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান। সবকিছু ঠিক থাকলে দুই বছর পর আবারও শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ওয়াজেদ আলী সুমন। অবশ্য আগে এই সিনেমায় অভিনয় করার কথা ছিল মাহিয়া মাহি’র। পরে জাহারা মিতুর নাম শোনা যায়। এবার এলো সালওয়ার নাম। শেষ পর্যন্ত এই সিনেমার নায়িকা কে হবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত