জলসীমায় অনুপ্রবেশ ২৪ শ্রীলঙ্কান জেলে গ্রেপ্তার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩২ এএম

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ২৪ শ্রীলঙ্কান জেলেকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। ১৮ ফেব্রুয়ারি গভীর রাতের এ ঘটনা গতকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় নৌবাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি রাতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুক বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে টহল দিচ্ছিল। এ সময় অচোনা, সানজু পুঠা, সি হর্স ও ডেনান মেরিন আচোনা নামে শ্রীলঙ্কার চারটি মাছ ধরার নৌকা আটক করা হয়। এতে ছিলেন ২৪ জেলে। ওই সময় তারা বাংলাদেশ অংশের সাগরে মাছ ধরছিলেন। পরে বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা করে তাদের হস্তান্তর করা হয়।

পতেঙ্গা মডেল থানার ওসি উৎপল বড়য়া জানান, গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) আরেফিন জুয়েল জানান, নৌবাহিনীর টহল টিম ২৪ শ্রীলঙ্কান জেলেকে আটক করে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত