মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই জিম্বাবুয়ে ইনিংসে জোড়া আঘাত হেনেছেন বাংলাদেশ পেসার আবু জায়েদ রাহী। উইকেট পেয়েছেন তাইজুল ইসলামও। তাতে অল-আউট হওয়ার আরও কাছে গিয়ে দাঁড়িয়েছে অতিথি দল।
দিনের সপ্তম ওভারের পঞ্চম বলে রাহীর বলে কট বিহাইন্ড হয়ে ফিরেছেন আট নম্বরে নামা ডনাল্ড তিরিপানো। অতিথি দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ২৪০।
টেস্টে এটা রাহীর তৃতীয় শিকার। শনিবার টেস্টের প্রথম দিনও দিনের প্রথম আঘাত হেনেছিলেন ডানহাতি এই পেসার। তাকে খেলতে গিয়ে আউট হয়েছিলেন ওপেনার কেভিন কাসুজা। আর তৃতীয় সেশনে রাহির শিকার হয়েছিলেন টিমাইসেন মারুমা।
দলীয় স্কোরে আর চার রান জমা পড়তেই অষ্টম উইকেট হারায় জিম্বাবুয়ে। এবার রাহীর তৃতীয় শিকারে পরিণত হন আইন্সলে এনডিলোভু। রানের খাতা খুলার সুযোগও পাননি নয় নম্বরে এই ব্যাটসম্যান।
২৪৫ রানে নবম উইকেট হারায় অতিথি দল। প্রথম দিন উইকেটশূন্য থাকা তাইজুল ইসলাম এবার সাফল্যের দেখা পেয়েছেন। চার্লটন টিসুমাকে রানের খাতা খুলতেই দেননি বাংলাদেশ দলের এই স্পিনার।
