মানি লন্ডারিং মামলায় খালেদসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৫ এএম

খালেদ মাহমুদ ভূঁইয়াসহ ছয় আসামির বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় রবিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

খালেদ মাহমুদ ছাড়া অন্য আসামিরা হলেন- মাসুদ মাহমুদ ভূঁইয়া, হাসান মাহমুদ ভূঁইয়া, হারুন রশিদ, শাহাদৎ হোসেন উজ্জ্বল, মোহাম্মদ উল্ল্যাহ খান।

তদন্তে তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা, সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ক্যাসিনো ব্যবসা হতে অর্জিত অপরাধলব্ধ আয় অর্জনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

তদন্তে অপর সকল আসামিরা পরস্পর যোগসাজশে আসামি খালেদের সকল অপরাধ কার্যের প্রত্যক্ষ সহযোগী হিসেবে তাদের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

আসামি খালেদ মাহমুদ ভূঁইয়ার নামে মোট ৫টি মামলা রয়েছে।

অবৈধ ক্যাসিনো ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খালেদকে গত ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে র‌্যাব তার গুলশানের বাসভবনে অভিযান চালিয়ে একটি অবৈধ শর্টগান, ৫৭ রাউন্ড গুলি, নিজ নামের একটি পিস্তল ও পিস্তলের ৬ রাউন্ড গুলি, ৫৮৫ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে।

এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর খালেদের বিরুদ্ধে গুলশান থানায় ৩টি মামলা করে র‌্যাব। অস্ত্র আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানি লন্ডারিং আইনে এসব মামলা হয়।

মতিঝিলে তার অফিসে অভিযান চালিয়েও মাদক দ্রব্য উদ্ধার করা হয়। ওই ঘটনায় ১৯ সেপ্টেম্বর মতিঝিল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‌্যাব।

এছাড়া গত ২০ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনও খালেদের বিরুদ্ধে মামলা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত