মেয়েদের লিগে তিন ম্যাচেই ৩১ গোল, ৫ হ্যাটট্রিক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৬ এএম

বসুন্ধরা কিংস বাদে নারী ফুটবল লিগে অন্যরা তেমন সুবিধা করতে পারবে না বলেই ভাবা হচ্ছিল। তবে প্রথম রাউন্ডের তিন ম্যাচ শেষে ভিন্ন বার্তাই পাওয়া যাচ্ছে। শনিবার বসুন্ধরা কিংস প্রতিপক্ষের জালে যেমন ১২ গোল দিয়েছিল। রবিবার তাদের ঠিক সমান গোলেই প্রতিপক্ষকে উড়িয়ে দিল নাসরিন স্পোর্টস একাডেমি।

মজার ব্যাপার, প্রথম পর্বের প্রথম রাউন্ডের ৩ ম্যাচে গোল হয়েছে ৩১টি। হ্যাটট্রিক হয়েছে মোট ৫টি। যার তিনটিই হয়েছে রবিবার প্রথম রাউন্ডের শেষ দিনে।

অনেক আলোচনা-সমালোচনার পর ৭ দলের এই লিগ মাঠে গড়িয়েছে। যার ৬টি দলই খেলে ফেলেছে নিজের প্রথম ম্যাচ। প্রথম রাউন্ডে এফসি উত্তরবঙ্গের খেলা ছিল না।

জাতীয় দলের শীর্ষ প্রায় সব ফুটবলারকে দলে ভেড়ানো বসুন্ধরা কিংসকে কেউ টেক্কা দিতে পারবে, এটা বলা যাচ্ছে না। তবে প্রথম রাউন্ড শেষে মনে হচ্ছে নাসরিন স্পোর্টস বা জামালপুর কাচারিপাড়া দলকে হয়তো একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। প্রথম রাউন্ডের ম্যাচগুলো অন্তত তাই বলছে।

তবে ফুটবল গোলের খেলা হলেও অনেক গোল মানেই সুন্দর ফুটবল নয়। এই নারী লিগে হয়তো সেই সুন্দর ফুটবলের জন্যই হাপিত্যেশ করতে হবে। তাই তিন ম্যাচে ৩১ গোল দেখার পরও আসলে আনন্দের কিছু নেই।

এই ৩১ গোলের এক ডজন করে করেছে বসুন্ধরা কিংস ও নাসরিন স্পোর্টস। ৬ গোল করেছে জামালপুর কাচারিপাড়া। একটি গোল করেছে কুমিল্লা ইউনাইটেড।

শনিবার উদ্বোধনী ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ১২-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। রবিবার স্পার্টান এমকে গ্যালাকটিকোকে ১২-০ গোলে হারায় নাসরিন স্পোর্টস একাডেমি। একই দিন অন্য ম্যাচে জামালপুর কাচারিপাড়া একাদশ ৬-১ গোলে হারায় কুমিল্লা ইউনাইটেডকে।

বসুন্ধরার জয়ের দিনে হ্যাটট্রিক করেছিলেন সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার। কৃষ্ণা করেন ৪ গোল। রবিবার নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে হ্যাটট্রিক করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না। আকলিমা করেছেন ৪ গোল।

এ ছাড়া জামালপুর কাচারিপাড়ার পক্ষে হ্যাটট্রিক করেছেন জান্নাতুল ইসলাম রুমি।

সর্বাধিক ৪টি করে গোল করে প্রথম রাউন্ড শেষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে বসুন্ধরা কিংসের কৃষ্ণা ও নাসরিন স্পোর্টসের আকলিমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত