জাতীয় চেতনা পুনর্জাগরণের পথে দুর্নীতি-দলবাজির সিন্ডিকেট বড় বাধা বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের সুন্দর বাগানের জন্য বন্যশূকর খোঁয়াড়ে ঢুকিয়ে অর্থনীতি রক্ষায় দুর্নীতিবাজদের দমন করতে হবে।’
গতকাল রবিবার বিকেলে কুষ্টিয়া জেলা জাসদের ৩০তম ত্রিবার্ষিক জেলা সম্মেলনের উদ্বোধন শেষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম মহসিন।
তিনি বলেন, ‘জঙ্গিবাদের মতোই দুর্নীতির মূলোৎপাটন করে দেশকে আরও এক ধাপ উত্তরণে সুশাসন চাই। শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে প্রথম পর্ব শেষ করে এখন নতুন পর্বে প্রবেশ করেছে।’
ইনু বলেন, ‘শাসন প্রশাসন আইন অনুযায়ী চালাতে হলে শাসন-প্রশাসনের ভেতর যে দুর্নীতি-দলবাজির সিন্ডিকেট কাজ করছে তা নির্মূল সুশাসনের পথ সূচিত হবে। তাই দেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে দুর্নীতি দলবাজির অবসান ছাড়া পথ নেই। কারণ এরা এখন দেশের অর্থনীতির বিষফোঁড়া হয়ে ফসলকাটা ইঁদুর হয়েছে।’
তিনি বলেন, ‘অসৎ অফিসার, রাজনীতিক, ব্যবসায়ী সিন্ডিকেট ধ্বংস করতে স্থায়ী অভিযান চালাতে হবে। যে দলের জার্সিই গায়ে দিক না কেন তাদের কারাগারে পাঠাতে হবে। মন্ত্রী-এমপি যেই হোন দুর্নীতি করলেই তাকে কারাগারে পাঠাতে হবে। দ্রব্যমূল্যে জনজীবনের নাভিশ্বাস রুখতে বাজার সিন্ডিকেট ধ্বংস করতে হবে।’
বক্তব্য শেষে ইনু কুষ্টিয়া জেলা জাসদের ৩০তম এই ত্রিবার্ষিক সম্মেলনে ৩য় বারের মতো হাজি গোলাম মহসিনকে সভাপতি এবং আব্দুল আলীম স্বপনকে সাধারণ সম্পাদক করে ৬৮ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা কমিটির ঘোষণা ও পরিচয় করিয়ে দেন।
