সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে ২০ টাকা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৮ পিএম

আমদানি ও দেশীয় দুই ধরনের পেঁয়াজের সরবরাহ বাড়ার কারণে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পাইকারি ও খুচরাতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০টাকা করে।

এক সপ্তাহ আগে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ ১শ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এদিকে পেঁয়াজের দাম কমার কারণে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

সোমবার সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে আমদানি করা ও দেশীয় দুই ধরনের পেঁয়াজের ভালো সরবরাহ রয়েছে।

দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে যা সপ্তাহ আগে ১শ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এ ছাড়া নতুন মেহেরপুর অঞ্চলের সুখসাগর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে যা আগে ৭০/৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

এ ছাড়া আমদানি করা মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১শ টাকা কেজি দরে যা আগে ১শ ২০ টাকা দরে বিক্রি হয়েছিল। এদিকে বাজারে ভারতীয় পেঁয়াজেরও দেখা মিলছে যা ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রেজাউল ইসলাম ও সবুজ হোসেন জানান, পেঁয়াজ কিনতে আমরা সাধারণ মানুষ হিমশিম খাচ্ছি। এখনো এক কেজি পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে যা আমাদের সাধারণ মানুষের জন্য অসম্ভব ব্যাপার। তারপরেও কয়েক দিন আগে বেশি থাকলেও এখন পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে এতে করে আমাদের মতো খেটে খাওয়া সাধারণ মানুষদের কিছুটা সুবিধা হয়েছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান ও ফেরদৌস রহমান জানান, পেঁয়াজের বাজারের কোন ঠিক নেই। এই বাড়ছে আবার কমছে। এতে করে আমরাও পেঁয়াজ কিনতে ভয় পাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত