দলের নির্বাহী কমিটির সদস্য মো. শফিকুর রহমান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। তাকে চাঁদপুর পৌরসভার মেয়র হিসেবে দলীয় মনোনয়নও দেয়া হয়েছে।
সোমবার বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শফিকুর রহমান ভূঁইয়ার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি তার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশটি প্রত্যাহার করা হয়েছে।
বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক দেশ রূপান্তরকে বলেন, চাঁদপুর জেলা বিএনপির নেতাদের সর্বসম্মত সিদ্ধান্তে শফিকুর রহমান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে চাঁদপুর পৌরসভার মেয়র হিসেবে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত মেয়র নির্বাচনে তিনি দলের প্রার্থী হিসেবে লড়াই করবেন।
