নিরাপত্তার কারণে চবির বিভিন্ন দর্শনীয় স্পটে ভ্রমণ নিষেধাজ্ঞা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৮ পিএম

পাহাড় ও সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আশেপাশে অনেকগুলো দর্শনীয় স্পট হয়েছে। এসব স্পটে শিক্ষার্থীরাতো বটেই বেড়াতে আসা অনেক দর্শনার্থীরাও দল বেঁধে এসব স্পটে ঘুরতে যান। তবে নিরাপত্তার কারণে এসব স্পটে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে চবি কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার কারণে নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন। যেহেতু বিশ্ববিদ্যালয় একটি বিস্তৃত এলাকা এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকার কারণে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত দুরূহ কাজ।

এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাধারণ ছাত্র-ছাত্রীদের চালন্দা গিরিপথ, ঝরনার পাড়, টেলিটক পাহাড়, শহীদ আব্দুর রব হলের পেছনের পাহাড়, বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদের পেছনের পাহাড়ে বিনা অনুমতিতে প্রবেশ/ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তি ততে বলা হয়, বিনা অনুমতিতে কেউ উল্লেখিত স্পটে গিয়ে হয়রানি বা ক্ষতির শিকার হলে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই আমরা অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে নিষেধ করেছি। আশা করি, বিষয়গুলো মেনে চললে বিশ্ববিদ্যালয়ে চুরি, ছিনতাই অনেকটা কমে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত