লক্ষ্মীপুর সদর উপজেলায় যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত হয়েছেন ৪ জন। এ ঘটনায় গুরুতর আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী এলাকার ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয়রা জানান, নিহত সবাই সিএনজি অটো রিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বটতলি এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজি চালক ও যাত্রীসহ ৬ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে ৪ জনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আহত বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিলুর রহমান জানান, লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
