রূপগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ আহত ৬

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।

সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আজিজ মিয়া, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম এবং ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হামজালার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। দুপক্ষই একে অন্যের অফিসে হামলা ভাঙচুর চালিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, এলাকার বিভিন্ন কাজ নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল সংঘর্ষের সূত্রপাত হতে পারে।

এ ঘটনার ব্যাপারে শেখ ফরিদ ভুইয়া মাসুম বলেন, যারা ঘটনা ঘটিয়েছে। তারা ছাত্রলীগের কেউ নয়। বহিরাগত লোকজন দিয়ে আমার ও কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

হামজালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত