যশোর শহরতলির শেখহাটি জামরুলতলার কাজী ছাত্রাবাসে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ তিন কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্টি«ক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক ইসলাম, চতুর্থ বর্ষের আবু হেনা রোকন ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউন।
যশোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল কাজী ছাত্রাবাসে অভিযান চালায়।
এ সময় ছাত্রবাসের একটি কক্ষ থেকে একটি শটগান, একটি ওয়ান শুটারগান, ৫টি গুলি, ৫টি বোমা, তিনটি চাকু, দুটি রামদা, ৯ টুকরা রড, এক বোতল মদ, ১০০টি ইয়াবা, কয়েক পোঁটলা গাঁজা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওই কক্ষ ব্যবহারকারী তিন শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, অস্ত্রগুলোর মূল মালিক শেখহাটি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগ নেতা জুয়েল কাজী। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে গেছে। তাকেও মামলার আসামি করা হবে।
