যেভাবে এক মুসলিম পরিবারকে বাঁচাল বিজেপি ওয়ার্ড কাউন্সিলর

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৮ পিএম

দিল্লিতে বিজেপি নেতাদের উসকানি ও পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকায় যেখানে মুসলিমদের ওপর সহিংসতা চলছে সেখানে এক বিজেপি নেতার কর্মকাণ্ড প্রশংসিত হলো সংবাদমাধ্যমে।

ইন্ডিয়া টুডে জানায়, সহিংসতা থেকে বাঁচাতে এক মুসলিম পরিবারকে নিজের ঘরে আশ্রয় দিলেন বিজেপির স্থানীয় এক নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিজেপি নেতা একটি ওয়ার্ডের কাউন্সিলর। সাম্প্রদায়িক হামলাকারীরা যখন মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছিল তখন তিনি এগিয়ে আসেন। প্রায় দেড়শ সহিংস মানুষের সামনে দাঁড়িয়ে আগুন দেয়া থেকে বাঁচান একটি ঘরকে এবং সেই ঘরের বাসিন্দা মুসলিম পরিবারটিকে।

সোমবার রাত সাড়ে এগারোটায় দিল্লির উত্তর-পূর্ব ওয়ার্ড ইয়ামুনা বিহারে এই ঘটনা ঘটে। আক্রান্ত মুসলিম পরিবারটি ছিল ওই বিজেপি নেতার ভাড়াটিয়া।

তিনি জানান, জয় শ্রীরাম স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে উন্মত্ত জনতা তার প্রতিবেশী মুসলিম পরিবারের ওপর হামলা চালায়। তারা পরিবারটির একটি মোটরসাইকেল ও মোটরগাড়ি পুড়িয়ে দেয়। পুড়িয়ে দেয় তাদের বুটিকের দোকানও, যাতে অন্তত ২০ লাখ রুপি ক্ষতিগ্রস্ত হয় তাদের।

একপর্যায়ে ঘরে আগুন লাগানোর সময় উন্মত্ত জনতাকে নিবৃত্ত করেন ওই কাউন্সিলর। ভয়ে মুসলিম পরিবারটি পালিয়ে যায়, যার মধ্যে ছিল দুই মাস বয়সী এক শিশু। নিজের ঘরেই তাদের আশ্রয় দেন ওই বিজেপি কাউন্সিলর।

মুসলিম পরিবারটি জানায়, ওই কাউন্সিলর দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বন্ধু। তিনি এগিয়ে না আসলে আরও বড় ধরনের ক্ষতি হয়ে যেত তাদের।

প্রসঙ্গত, ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কয়েক দশকের মধ্যে নজিরবিহীন সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। টানা চতুর্থ দিনের সহিংসতায় নিহত বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে দুই শতাধিক।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ‘হিন্দুয়োঁ কা হিন্দুস্তান’, ‘জয় শ্রীরাম’- এসব স্লোগান দিয়ে সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘর, দোকানপাট ও মসজিদে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বিবিসি বাংলা জানায়, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাঙ্গাকারীদের সঙ্গে পুলিশ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে বিক্ষোভ বন্ধে ক্ষমতাসীন বিজেপি নেতা কপিল মিশ্রার আল্টিমেটামের কয়েক ঘণ্টা পর রবিবার রাজধানী দিল্লিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সিএএ-বিরোধী বিক্ষোভকারীদের ওপর সশস্ত্র হামলা শুরু করে আইনটির সমর্থকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত