সেগুনবাগিচায় ‘গোপন সভাকালে’ ১৬ জামায়াত নেতাকর্মী আটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৯ এএম

রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে সেগুনবাগিচার কোঅপারেটিভ কমপ্লেক্স ভবন থেকে তাদের আটক করা হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ লাঠি, স্ট্যাম্প, উগ্রবাদী বই-পুস্তক ও লিফলেট উদ্ধার করা হয়। আটকদের মধ্যে অধিকাংশই জামায়াত সমর্থিত আইনজীবী বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা।

শাহবাগ থানার ওসি আবুল হোসেন দেশ রূপান্তরকে বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গোপন মিটিং করছে এমন তথ্য জানতে পেরে সেখান থেকে ১৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তাদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম শামীম দেশ রূপান্তরকে বলেন, আমাদের অভিযানের খবর পাওয়ার পরপরই তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে বাথরুমের কমোডে ফেলে দেয়। ধারণা করছি, তারা নাশকতার পরিকল্পনা করছিল। এখন জিজ্ঞাসাবাদ করে ওই বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত