ভারত সরকার স্থিতিশীলতা ফিরিয়ে আনবে: আশা ফখরুলের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩১ পিএম

ভারতের দিল্লিতে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ দেশ হিসেবে এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, নিরাপত্তা, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ভারত সরকার যথাযথ ভূমিকা গ্রহণ করবে।

বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ভারত সরকারকর্তৃক পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর মধ্যে যে বিরোধ তৈরি হয়েছিল তা ইতিমধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিয়েছে। সহিংসতায় নিহত ও আহতের সংখ্যা আশংকাজনকভাবে বাড়ছে। বিএনপি গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, নিহত ও আহতদের মধ্যে মুসলমান ও হিন্দু উভয় ধর্মীয় সম্প্রদায়ের ভারতীয়রাই আছেন।

তিনি বলেন, ভারতের বহুত্ববাদের আদর্শ থেকে যে কোনো বিচ্যুতি সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিতের পথে একটি অনিবার্য বাধা। চলমান দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গা তা আবার সুষ্পষ্ট উদাহরণ হিসেবে প্রমাণ করল।

মির্জা ফখরুল বলেন, এ অঞ্চলের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশ বরাবরই উদ্যমী। ভারতের প্রতিবেশী দেশের নাগরিকদের প্রতিনিধিত্বশীল দল হিসেবে বিএনপি তাই সবসময় ভারত রাষ্ট্র ও জনগণের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ কামনা করে।

বিবৃততে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, ভারতের বর্তমান নির্বাচিত সরকার তার দেশের সংবিধানের অন্তর্নিহিত চেতনানুযায়ী ধর্ম, বর্ণ, নির্বিশেষে সব নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই চলমান সংকটের সমাধান করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত