উত্তরা কারওয়ানবাজার গুলশানে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৬ এএম

রাজধানীর উত্তরা, কারওয়ানবাজার ও গুলশানে উচ্ছেদ অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে।

উত্তরার সেক্টর ৪, ৬, ৭, ৯ উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইন। এ সময় ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখা ও বায়ুদূষণ করায় তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ও নন্দন ডেভেলপার ফুটপাতে রড ও মিকশ্চার মেশিন রাখায় তা নিলামে ১ লাখ ২২ হাজার টাকায় বিক্রি করা হয়। কারওয়ানবাজারে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন। সেখানে মুরগিপট্টির সামনের ফুটপাতে খাবার হোটেলের মালামাল রাখা, মুরগি রাখা, জবাই করায় ৩৩ দোকান থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর ইটিভি ভবনের পেছনের গলি থেকে প্রায় ৬৫টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন গুলশান-১ ও ২ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থাপনা, দোকান উচ্ছেদে অভিযান চালান। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত জিন্নাতের পরিচালনায় তেজগাঁও ও গুলশান থানার ‘ভিক্ষুকমুক্ত’ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৪৫ ভিক্ষুককে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত